দ্রুত বার্ধক্যজনিত রোগে (প্রোজেরিয়া) আক্রান্ত শিশুদের শনাক্ত করতে ‘ফাইন্ড দ্য চিলড্রেন-১০ ইন বাংলাদেশ উইথ প্রোজেরিয়া’ নামে ক্যাম্পেইন চালু করেছে ‘দ্য প্রোজেরিয়া রিসার্চ ফাউন্ডেশন’ (পিআরএফ)।
‘প্রোজেরিয়া’ রোগের ফলে শিশুরা গড়ে ১৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এ ছাড়াও প্রোজেরিয়া আক্রান্ত রোগীদের মধ্যে শরীরের বিভিন্ন জোড়া শক্ত হওয়া, স্বাভাবিক বৃদ্ধি না হওয়া, ওজন কমে যাওয়া এবং চুল ও ত্বক বয়স্ক লোকদের মতো হয়ে যাওয়া লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। ফলে আক্রান্ত শিশুরা জাতিগতভাবে ভিন্ন থাকলেও সবাইকে প্রায় একই রকম দেখায়।
আরো পড়ুন: আসল ওসির কাছে চাঁদা চেয়ে নকল ওসির ফোন
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের যে কোনো স্থান থেকে মিডিয়া, চিকিৎসক এবং পরিবারগুলো পিআরএফ-এর ফেসবুক এবং টুইটারে যুক্ত হতে পারেন। প্রয়োজনীয় তথ্যের উৎস হিসেবে এসব সামাজিক মাধ্যমের সাহায্যে যুক্ত থেকে সহায়তার উৎসাহ প্রদান করে পিআরএফ।

পিআরএফ এর প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অড্রে গর্ডন বলেন, ‘আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা তাদের খুঁজে বের করতে চাই। তাদের শনাক্ত করে চিকিৎসা সহায়তা করাই হলো ‘ফাইন্ড দ্য চিলড্রেন’ ক্যাম্পেইনের উদ্দেশ্য। প্রোজেরিয়া একটি জটিল রোগ যা অনেকেই বুঝতে পারে না।
তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রায় ১৬৫ মিলিয়ন বা ১৬ কোটির বেশি লোক বসবাস করে। পরিসংখ্যানগত দিক বিবেচনা করে আমরা মনে করি, প্রায় ১০ জন প্রোজেরিয়া আক্রান্ত রোগী এখানে রয়েছে। প্রোজেরিয়া আক্রান্ত শিশুদের শনাক্ত করে তাদের চিকিৎসা দেওয়া এবং জনসাধারণসহ স্বাস্থ্য সেবাদানকারীদের সচেতন করার জন্য এ ক্যাম্পেইনের আয়োজন করেছি।’
ইত্তেফাক/বিএএফ
