ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৬:১৯

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. মাঈন উদ্দিন ওরফে সালাউদ্দিন মাস্টার (৪৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার চর কলাকোপা হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চর কলাকোপা এলাকার মাস্টার সামছুল হকের ছেলে।

এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বিবি মরিয়ম বাদী হয়ে রামগতি একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক মাঈন উদ্দিন অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে ওই ছাত্রীকে গান পরিবেশন করতে বলেন। ছাত্রীর আপত্তি থাকা সত্ত্বেও একটি গানের অংশ বিশেষ পরিবেশন করে। এ সময়  মাঈন উদ্দিন তার পিছনের জামার ভিতর দিয়ে শরীরে হাত দেন। এক পর্যায়ে আপত্তিকরভাবে ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানায়।

আরও পড়ুনা: দেবীদ্বারে লাগেজ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

এদিকে শিক্ষক মাঈন উদ্দিনের পরিবারের দাবি, এলাকায় কতিপয় ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমুলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) লুৎফর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি শুনেছি। মামলার কাগজ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম