সিলেটে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠে থাকলেও হাজারো মাশরাফি ভক্ত তাকে নির্বাচনে জয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মাশরাফি ভক্ত-সমর্থকদের সাথে নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মন্তব্য মাশরাফি লড়ছেন বাংলাদেশের জন্য। আর হাজারো মাশরাফি ভক্তসহ নেতা-কর্মী ভোটের মাঠে লড়ছেন মাশরাফির জন্য। মাশরাফিভক্তরা জানান, মাশরাফি খেলার মাঠে থাকলেও সর্বদা আছেন ‘নড়াইলবাসীর হূদয়ে’।
মাশরাফির ছোটবেলার বন্ধু সুমন দাস বলেন, তরুণ সমাজ মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, খেলা শেষ করে চলতি মাসের ১৭/১৮ তারিখে নড়াইলে আসতে পারে মাশরাফি। এবার নড়াইলে এসে নির্বাচনী প্রচার-প্রচারণায় থাকবেন বলে জানান তিনি।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, মাশরাফি দেশের জন্য ক্রিকেট খেলছে। আর নড়াইল জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে মাশরাফিকে জয়ী করার জন্য বিরামহীন কাজ করছে। সে ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়ছে না। ইতোমধ্যে আউড়িয়া, মাইজপাড়া, শাহাবাদ, হবখালী, তুলারামপুর ও বাঁশগ্রাম ইউনিয়ন এবং নড়াইল পৌরসভা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসভা ও উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। এ আসনে বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ী হবে বলে তিনি দাবি করেন।
