>> সাইফুল ইসলাম
সংগীতের প্রতি ভালোবাসা তার শৈশব থেকেই। তবে পাশাপাশি নাচও করতেন। স্কুলে পড়ার সময়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে শিশু নৃত্যশিল্পী হিসেবে সাধারণ ও লোকনৃত্যে প্রথম হয়েছেন। ২০০৭ সালে চট্টগ্রামের লোকাল ব্যান্ড দল ‘ইন চিটাগাং ব্যান্ড’-এ লিড ভোকালিস্ট হিসেবে যোগদান করেন তিনি। এরপর চট্টগ্রাম এলাকায় একক শিল্পী হিসেবে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করেন। তার ইউটিউব চ্যানেল ‘রাত্রি মিউজিক স্টেশন’ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণ প্রতিভাবান এই সংগীতশিল্পীর নাম রাত্রি চৌধুরী। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। রাত্রি একাধারে মডেলিং, নৃত্য, সংগীত ও অভিনয়—এ সবকিছুতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন। তবে নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান রাত্রি। তিন বোনের মধ্যে রাত্রি দ্বিতীয়। রাত্রির বাবা মোহাম্মদ কামাল উদ্দিন বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে তিনি একটি মেরিন একাডেমির অ্যাডজুট্যান্ট ও ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। আর মা ফেরদৌসী কামাল চট্টগ্রামের একজন সুপরিচিত সমাজসেবিকা। এখন পর্যন্ত তার গাওয়া পাঁচটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রতীক হাসান, বিজয় মামুন, সাগর, আজাদ সানী প্রমুখ শিল্পীর সঙ্গে ডুয়েট গান করেছেন। পেয়েছেন অনেকগুলো সম্মাননা। যার মধ্যে রয়েছে জয়ীতা সম্মাননা, আইডিয়াল অ্যাওয়ার্ড, পিজেএফপি অ্যাওয়ার্ড, এজেএফবি স্টার অ্যাওয়ার্ড, চিত্রজগত্ অ্যাওয়ার্ড, কাগজ কলম অ্যাওয়ার্ড, নবম মিজাফ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড, স্টারওয়ার্ল্ড ইয়াং স্টার অ্যাওয়ার্ড। রাত্রি বলেন, ‘২০০৯ সালে এনটিভি আয়োজিত ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে টপ টেন পর্যন্ত পৌঁছে ছিলাম। গ্রামীণফোন ও সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনেও কাজ করেছি।’ এছাড়া বিভিন্ন ফ্যাশন ও জুয়েলারি হাউসসহ বিভিন্ন করপোরেট হাউসের স্টিল বিজ্ঞাপনে মডেলিং এবং চট্টগ্রামের আঞ্চলিক কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে রাত্রির পথিক হাসানের সঙ্গে গাওয়া ‘নটি বয়’ গানটি ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি ‘স্বপ্নটা ছুঁয়ে যায়’ নামের গানটি তাকে সংগীতশিল্পী হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে। তার গাওয়া গানগুলোর মধ্যে ‘অচেনা শহর’, ‘দিওয়ানা’, ‘তোর আহ্লাদে’, ‘শুধু তুই’, ‘রসিয়া বন্ধু’, ‘মন কী যে চায় বলো’ উল্লেখযোগ্য। রাত্রির গাওয়া সব গানেরই মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাত্রি মিউজিক স্টেশন’ থেকে।
