আওয়ামী লীগ প্রার্থী একরামুল করিম চৌধুরীর গণসংযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে উত্সবমুখর পরিবেশে নৌকায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী বর্তমান সংসদ সদস্য।  গতকাল  শুক্রবার দিনব্যাপী  সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসংযোগের পাশাপাশি মহিলা সমাবেশও কর্মিসভা করেন তিনি। এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে এ এলাকায় শত শত কোটি টাকার উন্নয়ন হয়েছে। উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকার প্রচারণায় সাধারণ মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। নির্বাচনের দিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান তিনি। এর আগে  দিন বৃহস্পতিবার বিকালে  তিনি জেলা সদরের নোয়ান্নই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মহিলা সমাবেশও কর্মিসভায় বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন,  নোয়াখালী পৌরসভার  মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. হানিফ  চৌধুরী ও জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমুখ।