পিংক বলে সুইংটা বেশি হয় :ইমরুল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:১৬

জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে লাল বলের অনুশীলনটা হয়েছে। তবে পিংক তথা গোলাপি বলটা একেবারেই নতুন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। পিংক বলের সঙ্গে একবারই সাক্ষাত্ হয়েছিল বাংলাদেশের। ২০১৩ সালে বিসিএলের ফাইনালে খেলা হয়েছিল এই বলে। তবে ঐ ম্যাচটা খেলা হয়নি ইমরুল কায়েসের।

তাই তো মিরপুর স্টেডিয়ামে গতকাল জাতীয় লিগে খুলনার জয় নিশ্চিত হওয়ার পরই পিংক বলে অনুশীলন শুরু করেন বাঁহাতি এই ওপেনার। ভারত সফরের টেস্ট দলে থাকা ইমরুল জানিয়েছেন, লাল বলের চেয়ে পিংক বলে সুইংটা বেশি হয়। বলের উজ্জ্বলতা দ্রুত নষ্ট নয়। ২০১৩ সালে বিসিএলের ফাইনালে ব্যবহূত বল দিয়েই গত দুদিন ধরে অনুশীলন করছেন ইমরুল-মুমিনুলরা।

ভারত সফরে প্রথম টেস্টটি বাংলাদেশ খেলবে ইন্দোরে। ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যেটি হবে দিবারাত্রির টেস্ট। পিংক বলে প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ভারত।

জানা গেছে, ম্যাচকে ঘিরে অনেক আয়োজনের পরিকল্পনা করছে স্বাগতিকরা। ইতোমধ্যে ৭২টি এসজি পিংক বল আনা হচ্ছে। ইডেনের সবুজ গালিচায় হেলিকপ্টারে নামবে টেস্ট সিরিজের ট্রফি। বিশেষ ডিজাইনের টিকিট করা হচ্ছে, টস হবে সোনার কয়েন দিয়ে। বিশেষ টি-শার্ট ও টাই তৈরি করা হচ্ছে। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় এবং দিনের খেলা শেষ হবে রাত সাড়ে ৮টায়।

পিংক বলে প্রথমবার অনুশীলনের পর গতকাল ইমরুল জানিয়েছেন, ‘পিংক বল সুইংটা একটু বেশি করে আমার কাছে মনে হলো। যেহেতু আমি প্রথমবার অনুশীলন করলাম হয়তো-বা আরেকটু ভালো করে বুঝতে পারব আসলে কী হয়। মিরপুরের উইকেট একটু কঠিন ছিল কিন্তু আমার কাছে মনে হয় পিংক বলে সুইংটা বেশি করে।’

খুব বেশি অনুশীলনের সুযোগ না থাকলেও পিংক বলে টেস্ট খেলা নিয়ে রোমাঞ্চিত ইমরুল। পর্যাপ্ত অনুশীলন করতে না পারা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘খেললে তো অবশ্যই ভালো হতো। কারণ আমরা তো অভ্যস্ত না, ওখানেই প্রথম বার। ভারতও কখনো খেলেনি, আমরাও খেলিনি। দুইটা দলের জন্যই অভিজ্ঞতা হবে বলা যায়।’

পিংক বলে উজ্জ্বলতা পর্যন্ত লাল বলের চেয়ে বেশি সুইং হবে। দুই বলের পার্থক্য জানাতে গিয়ে বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘সিম তো একই রকম হয়। তবে বলের যে পিচ আপটা হয় লাল বলে শাইনিংটা নষ্ট হতে একটু সময় লাগে। কিন্তু পিংক বলে আমি যতটুক খেললাম আমার কাছে মনে হয় যে শাইনিংটা দ্রুত কমে। তবে যতক্ষণ থাকবে সুইংটা একটু বেশি করবে।’

গতকাল কোকাবুরা পিংক বলে অনুশীলন করেছেন ইমরুলরা। যদিও কলকাতায় টেস্টটা হবে এসজির পিংক বলে।

গত ৩ নভেম্বর টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়টা টেস্ট দলকেও উজ্জীবিত করবে আশা করছেন ইমরুল। অভিজ্ঞ এই ওপেনার বলেছেন, ‘ভারতের মাটিতে গিয়ে আমরা একটা ম্যাচ জিতছি, অবশ্যই তা দলকে অনেক আত্মবিশ্বাসী করবে, অনেক উজ্জীবিত করবে। খুবই দুর্দান্ত, আর আমরা যারা যাবো তারাও গর্ববোধ করব।’