অতিমানবীয় স্মিথে জিতল অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:২৭

ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ফর্মটা এই ম্যাচে অব্যাহত ছিল না। ১১ বলে করতে পারেন ২০ রান। তবে, গতকাল ক্যানবেরার মানুকা ওভালে নায়ক হয়ে উঠেছিলেন স্টিভেন স্মিথ। তার ৫১ বলে করা ৮০ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের বড়ো ব্যবধানে জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ভেসে যায় বৃষ্টিতে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল। আগামী ৮ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের রানটা বড়ো হতে পারেনি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ওপেনার ও অধিনায়ক বাবর আজম করেন ৫০ রান। তিনি এক প্রান্ত আগলে রাখলেও ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান বা আসিফ আলী কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। শেষে ইফতিখার আহমেদের অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা।

নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৫০ রান। দুটি উইকেট পান অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার। জবাব দিতে নেমে খুব বেশি বিপদের মুখোমুখি হতে হয়নি অস্ট্রেলিয়াকে। বরং স্টিভেন স্মিথের ইনিংসে ছিটকে যায় পাকিস্তান। তিনি ছাড়া বেন ম্যাকডরমেট ২১ ও অধিনায়ক ফিঞ্চ ১৭ রান করেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ব্রিসবেনে। এরপর ২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে। টেস্ট সিরিজ শুরুর আগে একটি তিন দিনের ও একটি দুই দিনের ম্যাচ খেলবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর :

টস : পাকিস্তান

পাকিস্তান : ১৫০/৬, ২০ ওভার (ইফতেখার ৬২*, বাবর ৫০; অ্যাগার ২/২৩)।

অস্ট্রেলিয়া : ১৫১/৩, ১৮.৩ ওভার (স্মিথ ৮০*, ম্যাকডরমেট ২১, ওয়ার্নার ২০; ইরফান ১/২৭)।

ফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।

সিরিজ : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।