সংখ্যালঘুদের ভোট চাইলেন নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২২

বাগেরহাট প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদরে সঙ্গে এক মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সংখ্যালঘুদের শতভাগ ভোট চাইলেন। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য বাগেরহাট-২ আসনে সংখ্যালঘুদের শতভাগ ভোট তিনি নৌকার প্রতিকের পক্ষে দাবি করেন।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী প্রমুখ।