রাজশাহীতে জামায়াতের জেলা আমিরসহ গ্রেপ্তার ৭০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনসহ ৭০জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ৩২ ও মহানগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, গতকাল শুক্রবার ভোরে পুঠিয়া জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলায় আরও ৩১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গোদাগাড়ী থানা ১, তানোর থানা ৫, মোহনপুর থানা ৩, পুঠিয়া থানা ৩, বাগমারা থানা ৩, দুর্গাপুর থানা ৬, চারঘাট থানা ৩ ও বাঘা থানা ৭ জনতে গ্রেফতার করে।

অন্যদিকে, মহানগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রৌমারীতে জামায়াতের আমীরসহ গ্রেফতার-১০

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামে নাশকতার পরিকল্পনা প্রস্তুতি সভা চলাকালে উপজেলা জামাতে আমীর ও সাবেক আমীরসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের জামাতের সাবেক আমীর শহীদ মাসুদ আহাম্মদ-এর বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নাশকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনামূলক প্রস্তুতি সভা করছিলেন তারা। আমারা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা হলেন, রৌমারী উপজেলা জামাতের আমীর মাওলানা সামসুল আলম, সাবেক জামাতের আমীর শহীদ মাসুদ আহাম্মদ, জামাতের শুরা সদস্য শরিফুল ইসলাম, আব্দুল লতিফ, ডা.শওকাত আলী  ওরেফে সাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, সাজু আহম্মেদ, জাকির হোসেন, মজিবুর রহমান, সিরাজুল ইসলাম ও হযরত আলী ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদ সরোয়ার্দী জানান, নাশকতার পরিকল্পানা প্রস্তুতি সভা চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে।