মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

শুক্রবার বিকালে চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার শিমুলতলায় মোটর সাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন চাটমোহর উপজেলা প্রকৌশল অফিসের সহকারী হিসাব রক্ষক মনিরুল ইসলাম(৪০) ও তার স্ত্রী বেসরকারি সংস্থা আশার শাখা ব্যবস্থাপক আফরোজা পারভীন(৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুল ইসলাম মোটর সাইকেলযোগে চাটমোহর থেকে পাবনার টেবুনিয়ায় স্ত্রীর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় শিমুলতলায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম মারা যান। হাসপাতালে নেয়ার পথে তার স্ত্রীর মৃত্যু হয়। চাটমোহর থানার ওসি (প্রশাসন) সেখ মো. নাসীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।