আড়াইহাজার উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার কারণে তিন জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চালাকালীন এই ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন—উক্ত বিদ্যালয়ের ১৮ নম্বর কক্ষে দায়িত্বরত চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুণ অর রশিদ, সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের ও গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভিন আক্তার।
সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন জানান, পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখি বাইরে থেকে প্রচুর লোক নকল দেওয়ার চেষ্টা করছে। পরে এদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে এক বহিরাগতকে আটক করা হয়। একপর্যায়ে সদাসদী কেন্দ্রে ১৮ নম্বর কক্ষে গিয়ে শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি ধরা পড়ে। অবহেলার কারণে দুই জনকে কারণ দর্শানোর নোটিশ এবং পরবর্তী সকল পরীক্ষায় দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেওয়া হয়। ৫ নম্বর কক্ষেও দায়িত্ব পালনের অবহেলার কারণে গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পারভিন আক্তারকে অব্যাহতি দেওয়া হয়। তিনি আরো জানান, নকল দেওয়ার অভিযোগে ফায়জুল নামের একজনকে আটক করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে।
