পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলকে বর্জন করে নৌকা প্রতীকের প্রার্থী টিপু মুনশির পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা জাতীয় পার্টি। এসময় ওই সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু মুনশি আকস্মিক যোগ দিলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলা কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ ও পীরগাছা ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম রনজু প্রমুখ।
সভা চলাকালীন সময়ে রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি মঞ্চে উপস্থিত হলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এসময় তিনি নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করে বক্তব্য দেন। এলাকার উন্নয়নের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নৌকার বিজয় হলে দলীয় নয়, মহাজোট হিসেবে কাজ করা হবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মাহবুবার রহমানসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা বক্তব্যে বলেন, এ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল কোনদিনও দলের জন্য কাজ করেননি। তিনি নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না করে বহিরাগতদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় জাতীয় পার্টির সকলকে দল ও জোটের স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।
