রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আপন দুই ভাই আলমগীর কবীর ও আনোয়ার হোসেন বুলুর দীর্ঘদিনের বৈরী সম্পর্ক পরিণত হয়েছে ভ্রাতৃত্বের সুসম্পর্কে। মোঃ আলমগীর কবির নওগাঁ-৬ আসনে বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী। আর তারই ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন বুলু।
১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আলমগীর কবীর। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবীর এলডিপিতে যোগ দেন। একই বছরে এলডিপি থেকে পদত্যাগ করেন। এরপর তার ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু এই দুই উপজেলার বিএনপির হাল ধরেন। আনোয়ার হোসেন বুলু ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের কাছে পরাজিত হন। তারপরও আনোয়ার হোসেন বুলু এই আসনে ধানের শীষের হাল ধরে রেখেছেন প্রায় এক যুগ ধরে। তাকেই মনোনয়ন দেওয়ার দাবি ছিলো এই আসনের বিএনপির নেতাকর্মীদের। কিন্তু দীর্ঘ প্রায় ১২ বছর পর বড় ভাই আলমগীর কবীর পুনরায় বিএনপিতে ফিরে আসায় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে শুরু হয় নতুন হিসেব-নিকাশ। অবশেষে দল থেকে তাকেই জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী করে প্রতীক দেওয়া হয়। এতে দুই উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, হতাশা, চরম ক্ষোভ ও অসন্তোষের দেখা দিয়েছিলো। অনেকে দুংখ প্রকাশ করেছেন। সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, এলাকার মানুষের চাওয়ার ভিত্তিতেই রাজনীতিতে আবার আমার ফিরে আসা। আল্লাহর অশেষ রহমতে আমরা দুই ভাই আবার মিলিত হয়েছি। আমাদের একত্রিত শক্তিকে আর কেউ পরাজিত করতে পারবে না। আশা রাখি আসন্ন নির্বাচনে কোনো পরাশক্তিই আমাদের বিজয়কে আটকাতে পারবে না।
