বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ছাত্রলীগ আজ সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। শুধু জাহাঙ্গীরনগর নয়, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মশাল মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ মশাল মিছিল করেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
ভিপি বলেন, যে ভিসি দুর্নীতির সঙ্গে যুক্ত ছাত্রলীগ সেই ভিসির লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। আমরা দুর্নীতির দায়ে অভিযুক্ত এ ভিসির পদত্যাগ চাই। মশাল মিছিলে ভিপি নুরুল হক নুর, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মশিউর রহমান, মো. আতাউল্লাহ এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা জাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। এছাড়া বিক্ষোভ সমাবেশ থেকে তারা তিন দফা দাবিও জানান।
