কুমিল্লার মুরাদনগরে তাফসির ইসলাম নামে এক শিশু অপহরণের আট ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর দাদি ও চাচাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাফসির মুরাদনগর উপজেলার নহল গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- অপহৃত শিশু তাফসিরের আপন দাদি জোহরা বেগম (৬০), একই বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে ও শিশুর সম্পর্কীয় চাচা কবির হোসেন (৩৩), রায়তলা গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও নাগেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাসেল মিয়া (২২)। মুক্তিপণের জন্যই তারা পরিকল্পিতভাবে ওই শিশুকে অপহরণ করেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা পুলিশ সুপার র্কাযালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, শাখাওয়াৎ হোসেন ও জাহাঙ্গীর আলম, ডিআইও-১ মাহবুব মোরশেদ ও মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম।
শিশুর মা তানিয়া আক্তার জানান, টাকার জন্য সংঘবদ্ধ হয়ে বহিরাগত অপরাধীদের নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনার মাধ্যমে নিজের নাতিকে এভাবে অপহরণ করার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ ধরণের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ৮ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুসন্তানকে উদ্ধার করে দেয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইত্তেফাক/আরকেজি
