পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পরপরই ভোটযুদ্ধে নেমে পড়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের প্রার্থীরা। এ আসনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে লড়াই হবে হা্ড্ডাহাড্ডি। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু (হাতপাখা)। এছাড়াও রয়েছেন জাতীয় পার্টির মিজানুর রহমান (লাঙ্গল), ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ থেকে জাকির হোসেন (টেলিভিশন) ও ইসলামী ঐক্যজোট থেকে বশিরউদ্দিন বিশ্বাস (মিনার)।
ডিসেম্বর মাসের শীতের কুয়াশার আমেজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন মঙ্গলবার বিকালে তার নিজ এলাকায় ইউনিয়ন পর্যায়ে জনসভার অংশ হিসেবে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সৈয়দ ফজলুল হক কলেজ মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব এখনও তার নির্বাচনী মাঠে না আসায় কোনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। তবে তার পক্ষে চলছে লিফলেট ও মাইকিং প্রচারণা।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরোয়ার হিরু তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়াও মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান। তিনি প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। পাশাপাশি এ আসনে ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ থেকে জাকির হোসেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। তবে ইসলামী ঐক্যজোট থেকে বশিরউদ্দিন বিশ্বাস (মিনার) মার্কার কোনো প্রচারণা দেখা যায়নি। এ আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টি নিশ্চিত।
