বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই আবাসিক হলে সোমবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহায়তায় রাতভর এ অভিযানে কিছুই মেলেনি। অভিযানে কাউকে আটক বা কোনো অনাবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করেও দেওয়া হয়নি।
ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু থাকতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রভোস্ট কমিটি।
শিক্ষার্থীরা জানান, সোমবার রাত দেড়টার দিকে তিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দুই হলের প্রত্যেক রুমে গিয়ে অনাবাসিক ও বহিরাগতদের চিহ্নিত করা হয়। তবে, দীর্ঘ অভিযানে বহিরাগত দুই যুবককে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তল্লাশির বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ কমিটির সদস্যসচিব ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ তাবিউর রহমান প্রধান বলেন, হলের শৃঙ্খলা ফেরাতে অছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে এ শুদ্ধি অভিযান। এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ।’
