সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক বছর ধরে চলে আসা বিরোধের অবসান হলো সাতকানিয়া-লোহাগাড়ার দু’উপজেলার আওয়ামী লীগের সাথে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর। এতে নেতা-কর্মীদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস। নৌকার প্রার্থী নদভীকে জেতাতে একাট্টা হয়েছেন দলের নেতা-কর্মীরা।
নদভীর নির্বাচনী মাঠে নেমেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব ও সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরীসহ দলের সকল নেতা-কর্মী।
গত ২৮ নভেম্বর বুধবার দুপুর ১২টায় দলের সকল নেতাকর্মীকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদ আলাম, সাতকানিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, লোহাগাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। অথচ কিছুদিন আগেও দ্বিধা-বিভক্ত ছিল সাতকানিয়া-লোহাগাড়া আওয়ামী লীগ। তখন থেকেই দলের কর্মসূচিও আলাদাভাবে পালিত হয়ে আসছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ফরম কিনেছিলেন ১৮ জন প্রার্থী। শেষ পর্যন্ত দল থেকে বর্তমান সাংসদ প্রফেসর ড. আবু রেজা নদভীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে নদভীকে মনোনয়ন দেয়ার পর বদলে যায় এখানকার পরিস্থিতি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ এক কাতারে এসে মিলিত হয়েছে নদভীর সাথে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আবু রেজা নদভীকে বিজয়ী করার জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।
