নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৩০

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় আকিব ইসলাম খান অমি নামে (১২) এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে অমির বাড়ির কাছাকাছি ধানক্ষেত থেকে অর্ধগলিত বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অমি নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর বাইপাস এলাকার আব্দুর রউফ খানের ছেলে। সে স্থানীয় শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর বিকালে বাড়ির কাছে নাজমুল স্মৃতি সরকারি কলেজ মাঠে খেলার সাথীদের সঙ্গে খেলতে যায় অমি। এরপর বিকাল চারটার দিকে খেলার মাঠ থেকে বাসায় যাওয়ার কথা সে ফেরেনি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অমির পরিবারের পক্ষ থকে বেশকিছু তথ্য পুলিশকে দিলে পুলিশ মঙ্গলবার রাতে কালিনগর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে বিল্লাল হোসেনের ছেলে রাকিব (১৯), ভাগ্নে জসিম ও সিয়াম নামে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে আজ দুপুর সাড়ে বারোটার দিকে অমির বাড়ির কাছাকাছি সাবেক কাউন্সিলর বকুলের ধানক্ষেত থেকে অর্ধগলিত বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় নাজমূল স্মৃতি সরকারি কলেজের মাঠে সাথীদের নিয়ে খেলতে যায় অমি। খেলার শেষে বাসায় না ফিরলে তাকে আর খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে মাইকিং করা ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর আজ দুপুরে পুলিশ সন্ধান চালিয়ে নিখোঁজ শিশুটির বাড়ির পার্শ্বে আমন ধানের ক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তাবন্ধী হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করে বস্তান্দী অবস্থায় ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। খুব দ্রুতই এ খুনের মূল রহস্য উদঘাটিত হবে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম