আবারও পরমাণু কর্মসূচি শুরু করলো ইরান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪১

ইরান তাদের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ‘ফোরদু’য় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বুধবার থেকে শুরু করেছে। দেশটির  জাতীয় আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু সমৃদ্ধকরণের কাজ আবারও শুরু করার ঘোষণা দিয়েছিলেন। খবর রয়টার্স’র।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার সদস্যদের উপস্থিতিতে পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানোর কাজ শুরু হয়েছে। 

ইরানের আণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কমলভান্দি জানিয়েছেন, দুই হাজার কেজি হেক্সোফ্লেরাইডসহ মোট দুই হাজার ৮’শ কেজির গ্যাস সিলিন্ডার ফোরদু’য় আনা হয়েছে।  

এদিকে ইরানের এই সিদ্ধান্তে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করছে রাশিয়া ও ফ্রান্স। 

আরও পড়ুন: আবরারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ আদালতের

ফোরদু পারমানবিক স্থাপনায় আবারও কাজ শুরুর ঘোষণা গতকালই দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। রুহানি বলেছিলেন, তাদের পরমাণু কর্মসূচিতে ফিরে আসার সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনই দায়ী। ফোরদু স্থাপনায় এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজে গ্যাস ঢুকানোর কাজ শুরু হবে।

এসময় তিনি বলেন, পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী সব পক্ষের জানা উচিত তেহরান একা এই সমঝোতা মেনে চলতে পারে না। এ ব্যাপারে আলোচনার জন্য দুই মাস সময় বেঁধে দেন রুহানি। 

উল্লেখ্য, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানির সাথে ইরান একটি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচি কমিয়ে আনা শুরু করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনও চলমান আছে। এই অবস্থায় ইরান উল্টো যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতে এই সিদ্ধান্ত নিলো।

ইত্তেফাক/এসইউ