‘রাইফেল মফিজ’ খ্যাত অভিনেতা শহিদ আলমগীর এবার পুলিশ অফিসার হিসাবে দর্শকদের সামনে উপস্থিত হবেন। দীপ্ত টিভিতে প্রচারিত তারকাবহুল ধারাবাহিক ‘বকুলপুর’-এ তিনি অভিনয় করছেন। আহমেদ শাহাবুদ্দীনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটির কাহিনি গড়ে উঠেছে বকুলপুর গ্রামের ঘটনা নিয়ে। এই গ্রামে তালুকদার ও মণ্ডল গোষ্ঠীর মধ্যে শীতল যুদ্ধ আছে। নাটকের গল্প শুরু হয় মণ্ডল গোষ্ঠীর ছেলে মন্টুর গ্রামে যাত্রা আনা নিয়ে। এতে বাধা দিতে চান ঝরু তালুকদার। তিনি তালুকদারদের ঐক্যবদ্ধ করে গ্রামে যাত্রা আনা ঠেকাতে চান। এই ধারাবাহিকে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুজাতা, নাদিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শবনম ফারিয়া, ফারজানা ছবি, আ.খ.ম হাসান, আরফান আহমেদ, হুমায়রা হিমু, সিরাজুল ইসলাম, ওবিদ রেহান, মুকুল সিরাজ, শ্যামল মাওলা, শামীমা তুষ্টি, হেদায়েত নান্নু, তানভীর মাসুদসহ অনেকে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে শহিদ আলমগীর বলেন, ‘এই ধারাবাহিকে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সবাই আমাকে বকুলপুরের নয়া পুলিশ অফিসার হিসেবে জানে। সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয়।
