শিবচরে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সময় তারা যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ রেজাউল করিম রাজা শেখ, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোক্তার খান প্রমুখ। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। শিবচর পৌরসভার পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খানের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান প্রমুখ।