সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর শহরে পশু হাসপাতালের এক মাঠকর্মী কর্তৃক সুস্থ গরু-ছাগলকে ক্ষুরা রোগের ভ্যাকসিন দেয়ার পর পশুগুলো অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। পশুর মালিকরা অভিযোগ করে বলেন, ভ্যাকসিন দেয়ার পূর্বে আমাদের গরু-ছাগলগুলো সম্পূর্ণ সুস্থ ছিলো কিন্তু ক্ষুরা রোগের ভ্যাকসিন দেয়ার পর সেগুলো প্যারালাইসিস, জ্বর, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে ওই মাঠকর্মীকে এ ব্যাপারে জানালে সে কোনো প্রকার সহযোগিতা না করায় বাইরের চিকিত্সক দিয়ে চিকিত্সা করিয়ে পশুগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে। এতে আমাদের অতিরিক্ত অর্থ খরচসহ চরম ভোগান্তি হয়েছে।
সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ী আল-ফারুক একাডেমি স্কুলসংলগ্ন মোঃ রুবেলের স্ত্রী জুলি ও মোঃ মিঠুন জানান, গত ১০ ডিসেম্বর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাহপাড়ার বাসিন্দা পশু ডাক্তার নামে পরিচিত মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ মমিনুল ইসলাম আমাদের এলাকায় আসে। তিনি নিজেকে পশু হাসপাতালের মাঠকর্মী পরিচয় দিয়ে বলেন, উপরের অফিস থেকে নির্দেশ দেয়া হয়েছে সৈয়দপুর উপজেলার পশুগুলোকে অগ্রীম ক্ষুরা রোগের ভ্যাকসিন দেয়ার জন্য। এজন্য তিনি এসেছেন ভ্যাকসিন দিতে। তার কথা অনুযায়ী এলাকার অনেকেই তাদের পশুগুলোকে ভ্যাকসিন দেন। এজন্য ভ্যাকসিন বাবদ টাকাও দেয়া হয় মমিনুলকে।
ভ্যাকসিন দেয়ার পর থেকে তাদের পশুগুলো হঠাত্ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। জুলি বেগম জানান, তার ছাগলটি একেবারেই প্যারালাইজড হয়ে পড়ে। খাওয়া ছেড়ে দেয় এবং গলা ফুলে যায়। একইভাবে প্রতিবেশী মিঠুনের গরুর বাছুরও ভ্যাকসিন দেয়ার পর অসুস্থ হয়ে পড়ে এবং আজও বাছুরটির শরীরে জ্বর ও পাতলা পায়খানা রয়েছে। এভাবে ওই এলাকার প্রায় শতাধিক পশু অসুস্থ হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় তারা চরম ভোগান্তিসহ পশুগুলোর অসুস্থতা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে না পাওয়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে অফিসে দায়িত্বরত সহকারী ভেটেরিনারি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম জানান, সৈয়দপুর পশুসম্পদ কার্যালয় থেকে এ ধরনের কোনো ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। মোমিনুল নীলফামারী সদর অফিসে কর্মরত। সেখান থেকে কোনো কার্যক্রম থাকলেও সে বিষয়ে তাদের জানা নেই।
অভিযুক্ত মমিনুলকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি নীলফামারী সদর পশু হাসপাতালে কর্মরত। তিনি স্বীকার করেন যে পশুগুলোকে তিনি ভ্যাকসিন দিয়েছেন। তবে এ ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করেননি।
