তদন্ত কমিটির প্রতিবেদন

তিতাসের মৃত্যু: ঘাট ম্যানেজারসহ ৪ জনকে দায়ী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:৫৮

দেরিতে ফেরি ছাড়ায় স্কুল শিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে ফেরি দেরিতে ছাড়ার জন্য কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম, ঘাটে কর্মরত উচ্চমান সহকারি ফিরোজ আলম, প্রান্তিক সহকারি খোকন ও ইনল্যান্ড মাস্টার সামছুল আলমকে সরাসরি দায়ী করা হয়েছে। তবে এ ধরনের ঘটনা ঘটার জন্য যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডল তার দায়বদ্ধতা এড়াতে পারেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, ফেরি আটকিয়ে রাখা এবং ফেরিতে অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী থাকার কথাও সবুর মন্ডল জানতেন না। এ কারণে তাকে সরাসরি দায়ী করা যায় না। তবে তিনি ঘাট ব্যবস্থাপককে দীর্ঘক্ষণ আগে থেকেই পারাপারের জন্য বার্তা দিয়ে তার সঙ্গে বার বার ফোনালাপের মাধ্যমে একটা দায়ভার সৃষ্টি করেছিলেন। সর্বোপরি নির্ধারিত সময়ের অনেক পরে বিলম্বে ফেরি ঘাটে উপস্থিত হওয়া এবং তার জন্যই ফেরি অপেক্ষমান রাখায় এক্ষেত্রে তারও দায়বদ্ধতা রয়েছে। তাই তিনি এক্ষেত্রে দায়ভার এড়াতে পারেন না। 

গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়। এতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য সাত দফা সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে,  বিআইডব্লিউটিসি কর্তৃক প্রনীত নীতিমালা অনুযায়ী ফেরি পরিচালনা করা, ভিআইপি সুবিধা চেয়ে কেহ ফেরি পার হতে চাইলে অবশ্যই তার সরকারি ভ্রমণ বিবরণী পূর্ব হতে ফেরি কর্তৃপক্ষকে অবহিত করা। ফেরি ঘাটে ভিড়িয়ে ফেরির র‌্যাম্প উঠিয়ে কারও জন্য কোনক্রমেই অপেক্ষা না করা। ফেরি পারাপারের ক্ষেত্রে রোগীবাহী অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স, গাড়ি, পচনশীল মূল্যবান দ্রব্য বহনকারী গাড়ি, ট্রাক, রাষ্ট্রীয় প্রয়োজনে নিয়োজিত গাড়িকে অগ্রাধিকার দিতে হবে। আজ বৃহস্পতিবার হাইকোর্টে এই প্রতিবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

গত ২৫ জুলাই রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা দেরিতে মাদারীপুরের কাঠালবাড়ি ঘাট থেকে দেরিতে ফেরি ছাড়ে। আর ফেরি ঘাটে রাখার জন্য মাদারীপুরের জেলা প্রশাসন থেকে বলা হয়। পরে চিকিৎসা সেবা না পেয়ে ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন সারাদেশে সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের আদেশে হাইকোর্ট নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। 

ইত্তেফাক/জেডএইচডি