সুনামগঞ্জে পৃথক অভিযানে চোরাই পথে আনা পণ্যসামগ্রী জব্দ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গাঁজা, নাসির বিড়ি, কয়লা এবং খাসিয়া পান আটক করেন।

বুধবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে জেলার তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থানে অভিযান চালিয়ে তিন কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।

অন্যদিকে দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১৩০ বিড়া ভারতীয় খাসিয়া পান আটক করা হয়। তাছাড়া দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৬০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করে বিজিবি।

অন্যদিকে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ২ হাজার ৩০০ কেজি ভারতীয় কয়লাসহ একটি বারকি নৌকা আটক করা হয়।

এ ব্যাপারে ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, মঙ্গলবার রাতে সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গাঁজাসহ তিন লাখ টাকার পণ্য আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় গাঁজা, নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, বারকি নৌকা ও খাসিয়া পান শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।