রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং সিটির ভেতরে চলন্ত সিঁড়ির লেভেল-৮ থেকে নিচে পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সোয়া ৪টার দিকে মার্কেটের ভেতরের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। গতকাল রাত পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার ওসি শামীম আহমেদ বলেন, আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি যে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ মর্গে রয়েছে। যুবকের পরনে রয়েছে শার্ট ও প্যান্ট। তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে ভাঙা-মচকার চিহ্ন রয়েছে। বসুন্ধরা শপিং সিটির নিরাপত্তা বিভাগ পুলিশকে জানিয়েছে, বিকাল সোয়া ৪টার দিকে ওই যুবক চলন্ত সিঁড়ি দিয়ে লেভেল-৮ এ পৌঁছেন। সেখানে এদিক-ওদিক তাকাতেই তিনি রেলিং ধরে শরীরটাকে উঁচিয়ে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি আরো বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। ওই যুবক নিজে ঝাঁপিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে—সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে মার্কেটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
