অগ্নিকাণ্ড সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে ----- আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৫৪

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। ফায়ার ব্রিগেড আগের তুলনায় আধুনিক যন্ত্রপাতি-সজ্জিত বলে এ অগ্নিদুর্ঘটনা দ্রুত সামাল দিতে পারে। তবে শহর ও গ্রামে আগুন সম্পর্কে মানুষের সচেতনতা যথেষ্ট নয়।’

তিনি গতকাল বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,  ‘গ্রীষ্মকালে এমনকি কখনো কখনো শীতকালেও বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটে। আর বাজার ও কলকারখানায় এ ঘটনা বেশি ঘটে বলে অনেক ক্ষতি সাধিত হয়। আজ থেকে প্রায় ২৫ বছর আগে আমরা এখানে একটি ফায়ার স্টেশন নির্মাণ করেছি। আগে অগ্নিনির্বাপণের জন্য আধুনিক যন্ত্রপাতি ছিল না। আগে ভাণ্ডারিয়া বাজারে রাস্তাঘাটের        অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে যেতে পারত না। যে কারণে আগুন নেভাতে যেমন বেগ পেতে হতো, তেমনি ক্ষয়ক্ষতিও ঘটত বেশি বেশি। এখন আর সেই সমস্যা নেই। এখন বিভিন্ন স্থানে হাসপাতালের মতো বড়ো বড়ো ভবন নির্মিত হচ্ছে। তৈরি করা হচ্ছে দ্বিতল-ত্রিতল বাড়িও। আমাদের দেশের মানুষ এখনো অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন হয়ে ওঠেনি। অসাবধানতার কারণে বাজার বা বাড়িঘরে অগ্নিকাণ্ড সম্পর্কে সকলকে আরো সচেতন হতে হবে। জনগণও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সহযোগিতা করবে। সচেতনতা, প্রস্তুতি, প্রশিক্ষণ হচ্ছে দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়।’

আনোয়ার হোসেন মঞ্জু এমপি আরো বলেন, ‘এখন দেশে অগ্নিনির্বাণের জন্য উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতি, যানবাহন ব্যবহার করা হচ্ছে। আমি বিশ্বাস করি, ফায়ার সার্ভিসে ভাণ্ডারিয়ায় যারা নিয়োজিত আছেন তারা অবশ্যই দক্ষ। তার পরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের জানাবেন এবং এখানে আধুনিক যন্ত্রপাতির জন্য আমরা কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে আলাপ-আলোচনা করব, যাতে এখানে আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়। অগ্নিকাণ্ডের ঘটনা পৃথিবীর অনেক দেশেই ঘটে। ভাণ্ডারিয়ার মানুষের মধ্যে ঐক্য থাকায় আপনাদের কাজে সর্বাত্মক সহযোগিতা পাবেন।’

অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ভাণ্ডারিয়ার স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবনে যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় মনিরুল হক মনি জোমাদ্দারের বড়ো ছেলে পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভি জোমাদ্দার ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গতকাল সকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবনে পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রী গুরুসংঘ ভাণ্ডারিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা সাক্ষাত্ করেন। এছাড়াও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মঙ্গলবার রাতে ভাণ্ডারিয়া বাজারে কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।