মাদারীপুর সদর উপজেলায় আসিফ মাতুব্বর (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় গাছবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আসিফ গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসার ছাত্র। কতিপয় শিক্ষক আসিফকে পিটিয়ে আহত করার পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে বলে নিহতের মা অভিযোগ করেছেন।
নিহত ছাত্রের মা ছালমা বেগম ও মামা বাদশা বেপারী স্থানীয় সাংবাদিকদের জানান, সন্ধ্যায় কতিপয় শিক্ষক আসিফকে পিটিয়ে ও মেরে গুরুত্বর আহত করে। এরপর মুখে বিষ ঢেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।
আসিফের অভিভাবকরা জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অখিল সরকার জানান, লাশ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, আসিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
