সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যর মৃত্যু

গৌরীপুরে ২৪ বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তাকীম মিয়ার (৩৫) মৃত্যুর ঘটনায় ২৪ বাড়ির প্রায় অর্ধশত ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিয়নের বালুচড়া, মানিকদী, নিজামাবাদ, স্বল্প পশ্চিমপাড়া ও বাসাবাড়ি এলাকায় এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত ৬ ডিসেম্বর দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোস্তাকীম মিয়ার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। আহত মোস্তাকীমকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং সর্বশেষ মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৮দিন পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান। নিহতের ভাই আবুল বাসার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাকীম মেম্বারের মৃত্যুর খবরে এলাকার শত শত বিক্ষুব্ধ জনতা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভোর থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় হামলার ঘটনার মূল অভিযুক্ত অপর ইউপি সদস্য স্বপন মিয়ার বাড়িসহ তার ২৪ সহযোগীর বাড়িতে হামলা করে ঘরে ঘরে অগ্নিসংযোগ করা হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে জনতা তাদেরকে বাধা দেয়। ফলে অধিকাংশ বাড়ির আগুন নিয়ন্ত্রণ করা যায়নি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মোস্তাকীম মেম্বারের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী আসমা আক্তার ৮ জনকে আসামি করে গত ৮ ডিসেম্বর থানায় একটি মামলা করেন। এ মামলার আসামি শাহেদ আলীকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় লোকজন জানান, মোস্তাকীম মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ও প্রতিপক্ষ স্বপন মিয়া একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। তাদের দু’জনের মাঝে পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মোস্তাকীম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব মোস্তাকীম মেম্বারের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।