ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বের হওয়ার পথে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে দশটার দিকে এই হামলার ঘটনা ঘটে। ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে আ স ম আবদুর রবের গাড়ি চালককে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনার সময় পুলিশকে নীরব ভূমিকায় দেখা যায় বলে অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট।

হামলার ব্যাপারে মিরপুর দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি)  জাহাঙ্গীর আলম বলেন, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বড় কোনও হামলার ঘটনা ঘটেনি। সকাল থেকে হাজার হাজার মানুষ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। তাই এত মানুষের ভিড়ে একটু ধাক্কাধাক্কি হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, হামলা নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে যাই হোক বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার নেতাকর্মীরা ড. কামাল হোসেনকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও বেধড়ক পেটানো হয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

হামলার ব্যাপারে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফরিক জানিয়েছেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরপরই কামাল স্যার, রব, মান্না ও আমার গাড়িতে হামলা চালানো হয়।

গণফোরামের মিডিয়া প্রধান লতিফুল বারী হামীম বলেন, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গাড়িবহরে হামলা করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টে নেতাদের ফেরার পথে  পৌনে ১০টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে ঐক্যফ্রন্টের গাড়ি বহরে হামলা চালায়। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে জাসদের আ স ম আবদুর রবের গাড়িচালক বেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন বলে তিনি জানান।