ড. কামাল বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া নেতা : তোফায়েল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, সেই আল-বদর রাজাকারের দোসরদের সাথে হাত মিলিয়ে চরম আদর্শহীনতার পরিচয় দিয়েছেন বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেন। বিস্ময়কর উন্নয়নের রোল মডেল শেখ হাসিনাকে যারা বার বার হত্যা চেষ্টা করেছে, তাদের সাথে হাত মিলিয়েছেন ড. কামাল। তার কোনো আদর্শ নেই। তাই এসব আদর্শহীন লোকদের ভোট না দেওয়ার আহ্বান জানাই। গতকাল শুক্রবার বিকালে ভোলা-১ (সদর আসন) এর রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

তোফায়েল বলেন, বিএনপি’র প্রতীক ধানের শীষ, জামায়াতেরও ধানের শীষ। তাদের সাথে যোগ দিয়েছেন ড. কামাল। যাকে বঙ্গবন্ধু পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছিলেন। তিনি একজন নীতিহীন মানুষ। আওয়ামী লীগ সরকার যদি নদী ভাঙন বন্ধ করতে পারে, ঘরে ঘরে বিদ্যুত্ দিতে পারে, রাস্তা-ঘাট, পুল-কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে পারে, তাহলে নৌকায় ভোট দিবেন। আমি শুধু দলের নয়, সকলের ভোট চাই।