এবার আরিফের বাসায় মুক্তাদির

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

এবার সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে যান তিনি। সেখানে উভয় নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেন। মুক্তাদিরের নির্বাচনের জন্য আরিফের সহযোগিতা কামনা করেন। আরিফও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। খন্দকার মুক্তাদির বলেন,  সিলেট-১ আসনের ধানের শীষকে বিজয়ী করতে সকলকে মাঠে নামতে হবে। এদেশের সতের কোটি মানুষের স্বার্থে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং গণসংযোগ করতে হবে। এ সময় মেয়র আরিফও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি অবশ্যই মাঠে নামবেন। সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত রবিবার দুুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েই নগর ভবনে আরিফের সঙ্গে সাক্ষাত্ করেন মুক্তাদির। বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, খন্দকার মুক্তাদির এভাবে আরিফের কাছে ছুটে যাওয়ায় তা সিলেট-১ আসনে বিএনপির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।