গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটকে বাস ডিপো ঘোষণা ও দুইটি এসি বাস বরাদ্দ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় টুঙ্গিপাড়া বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, ইমাদ পরিবহনের ম্যানেজার বাসুদেব বিশ্বাস সহ ট্রেনিং ইনস্টিটিউটের কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, টুঙ্গিপাড়ার সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো না থাকে তাই বরাদ্দকৃত দুইটি এসি বাস ফেরত চেয়ে চিঠি দিয়েছেন বরিশাল বাস ডিপো কর্তৃপক্ষ, আমরা তার প্রতিবাদ জানাই। বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটকে দ্রুত বাস ডিপো ঘোষণা করার দাবি জানান তারা।
