১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। পরিপাটি রূপ দিয়ে নতুন ঘাস আর ফুলে ফুলে সাজানো গোটা স্মৃতিসৌধে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে। আগামীকালই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে অর্জিত বিজয়কে ৪৭তম বারের মতো বরণ করবে সমগ্র জাতি।
স্মৃতিসৌধের মিনারগুলোতে ঘষে মেজে পরিচ্ছন্ন করা হয়েছে। শেষ মুহূর্তে সৌধের পাদদেশসহ পায়ে চলার রাস্তাও রং-তুলির আঁচরে সাজানো হয়েছে। লাল-সবুজের সমারোহে নতুন সাজে সেজেছে ফুলের বাগানগুলো।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্মৃতিসৌধে আগত দর্শনার্থীসহ সবার নিরাপত্তার জন্য ২২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সৌধ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
