সড়ক পরিবহন আইন-২০১৮ কিছু ধারা সংশোধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। সভায় বক্তারা সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা কার্যকর হলে পণ্য পরিবহনের কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না বলে উল্লেখ করে বলেন, দেশের সড়ক পরিবহন ব্যবস্থা, পার্কিংয়ের জন্য সরকারের নির্ধারিত স্থান নির্ধারণ না করা, ট্রাক/কাভার্ডভ্যান গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ধারণ না করা, ড্রাইভিং লাইসেন্সের স্বল্পতা, হালকা-মধ্যম-ভারি লাইসেন্স প্রদানের জটিলতা, বিআরটিএ কাগজপত্রের জটিলতাসহ নানাবিধ জটিলতা নিরসন না করে এই আইন কোনোভাবেই মালিক-শ্রমিকরা মানতে পারবে না। বিশাল অঙ্কের জরিমানা নিয়ে কোনো শ্রমিক রাস্তায় গাড়ি চালাতেও আগ্রহী নয়। সড়ক পরিবহন আইন-২০১৮ কিছু ধারা সংশোধনপূর্বক পরিবহন সেক্টরের নানাবিধ সমস্যা সমাধান করার জন্য ঐক্যপরিষদের পক্ষ থেকে আবেদন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, কাভার্ডভ্যান, ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন, ট্রাক, কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতি, বট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
