গাইবান্ধায় বাসের ধাক্কায় লেগুনা খাদে, নিহত ১

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:৪১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের মো. সঞ্জু মিয়ার ছেলে। সে লেগুনা চালক। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, আরিফ ধাপেরহাট থেকে লেগুনা নিয়ে পলাশবাড়ী যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলে লেগুনা চালক আরিফ মিয়া নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: জবি ডিবেটিং সোসাইটির সভাপতি জুনায়েদ, সম্পাদক দ্বীন

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এএএম