প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ জেতায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা গতকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের আট উইকেটে হারিয়ে তিন-ম্যাচের সিরিজে ২-১-এ শিরোপা জিতে নেয়। এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ জেতায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনেরই ফল। বাংলাদেশের ক্রিকেট দলের বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
