নারায়ণগঞ্জে দেড়শতাধিক জামায়াত শিবির নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:৫৩

গতকাল শুক্রবার গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম শহরে, বন্দরে, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেলসহ ১৫৬ জন জামায়াত-শিবির নেতা-কমীকে গ্রেফতার করে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এরা নাশকতার ছক আঁকছিল। ভয়ংকর নাশকতার পরিকল্পনার উদ্যেশ্যে বিভিন্ন এলাকায় বৈঠকের সময় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে। ্ওই সময়ে ওই বৈঠকে পুলিশের অভিযানের খবর পেয়ে জেলা বিএনপির প্রায় ১০-১২ জন শীর্ষ নেতারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে সূত্র জানায়। আটককৃতদের কাছ থেকে ওই সময় ২৭টি ককটেলসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের বিশেষ টিম অভিযান চালায়।

আটককৃতদের দেওয়া তথ্য মতে পুলিশ জানায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নারায়ণগঞ্জের দুইটি আসনে নাশকতার ছক আঁকতে শুরু করে ছিলেন জামায়াত ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা। নাশকতার ছকে তারা টার্গেট করেছিলেন পোশাক শ্রমিকদের। বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দিয়ে দাবি দাওয়ার ইস্যু তৈরি করে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে দিতে চেয়েছিল। এতে নির্বাচনে প্রভাব পড়বে। জিনিয়াস ভিত্তি পরিক্ষার নামে এ বৈঠক শুরু হয় শুক্রবার সকাল থেকে ফতুল্লার পাগলা হাই স্কুল, মাসদাইর ইসলামীয়া আদর্শ ফাজিল মাদ্রাসা ও বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া স্কুলসহ সদর-বন্দরের পৃথক স্থানে। এরমধ্যে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত পাগলা হাই স্কুল থেকে থানা জামায়াতের রোকন ইয়াসিন মাস্টারসহ ৪৯ জনকে আটক করে পুলিশ। একই সময় মাসদাইর ইসলামীয়া আদর্শ ফাজিল মাদ্রাসা থেকে ৫ নারীসহ ৫৪ জনকে আটক করে। এসময় উভয় স্থান থেকে ২৭টি ককটেল ও বিপুল পরিমাণের জিহাদী বই উদ্ধার করে পুলিশ। তবে কানাইনগর ছোবহানিয়া স্কুলে কাউকে পায়নি পুলিশ। একই সময় সদর মডেল থানা পুলিশ ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৮ জন ও বন্দর থানা পুলিশ ২৭ জনকে আটক করে তাদের কাছ থেকে ককটেল ও জিহাদী বই উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে জামায়াত শিবির ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে মোট ১০৩ জনকে আটক করা হয়েছে।

লাকসামে জামায়াত নেতা সরওয়ার গ্রেপ্তার

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা ঃ লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জামায়াত নেতা ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার লাকসাম থানা পুলিশ শহরের দৌলতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত নেতা সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দীকিকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওইদিন বিকালেই তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।