মহাসচিব পদ থেকে বাদ পড়ার ১০ দিন পর গণমাধ্যমের সামনে এসেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের বর্তমান ‘বিশেষ সহকারী’ এবিএম রুহুল আমিন হাওলাদার। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলের ইশতেহার ঘোষণা উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন তিনি। দলের চলমান পরিস্থিতি ও মহাসচিব পদ থেকে নিজের বাদ পড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যানের পক্ষে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হাওলাদার বলেন, দলে কোনো সমস্যা নেই। দল পরিচালনার দায়িত্বে এরশাদই আছেন। নির্বাচনকালীন সময়ে দায়িত্বে কিছুটা পরিবর্তন এসেছে। নির্বাচনের পরে সবকিছু ঠিক হয়ে যাবে।
হাওলাদার বলেন, পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় থাকায় তারা ইশতেহার ঘোষণার সময় উপস্থিত নেই।
‘গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠার’ লক্ষ্যে ১৮ দফা অঙ্গীকার নিয়ে জাপার নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন রুহুল আমিন হাওলাদার। ইশতেহারে বলা হয়েছে, আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রশাসনিক, সরকার পরিচালনা ও নির্বাচনের পদ্ধতি বদলে দেবে জাপা। এককেন্দ্রিক শাসনব্যবস্থার পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুই স্তর বিশিষ্ট সরকার কাঠামো এবং নির্বাচন পদ্ধতি সংস্কারের মাধ্যমে জাপা গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছাতে চায় বলে জানানো হয়। হাওলাদার বলেন, সিঙ্গাপুরে চিকিত্সাধীন এরশাদের সঙ্গে আজকে (শুক্রবার) সকালে আমার কথা হয়েছে। তার নির্দেশেই আমি ইশতেহার ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে জাপার নির্বাচন মনিটরিং সেলের প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি উপস্থিত ছিলেন।
