বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে নেতারা দল ছাড়ছেন :তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২২:০৮

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নেতারা দল ছাড়ছেন। গতকাল শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির কারণে ইতিপূর্বে বিএনপি নেতা এম মোরশেদ খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান দল ছেড়েছেন। আরো অনেকে দল থেকে পদত্যাগ করবেন বলে নাম শোনা যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, দূর থেকে স্কাইপির মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করার ফল হচ্ছে গণহারে দল ত্যাগ। বিএনপি নেতা মোর্শেদ খান নিজেই বলেছেন বিএনপি এখন জাতীয়তাবাদী স্কাইপি দলে রূপান্তরিত হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষা তথা কারিগরি শক্তি বৃদ্ধি হওয়া প্রয়োজন। দক্ষ কারিগরি শক্তি না থাকায় আমাদের দেশে বিদেশিরা কাজ করে মোটা অংকের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। কারিগরি শিক্ষার অভাবে মাস্টার্স পাস ছেলেমেয়েরা কেরানির চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছে। সে কারণে বেশি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, সেটি এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীদের সহায়তা করতে হবে।

আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।