ভারতীয় ডেপুটি হাইকমিশনারসহ পর্যটকেরা নিরাপদ স্থানে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৬

ঘূর্ণিঝড় ঝুঁকির মুখে থাকা সুন্দরবনের পর্যটকবাহী নৌযান গুলোকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ করে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদ্বীপ দেকে নিয়ে পর্যটকবাহী নৌযান দি সান ওয়ে দুপুরের আগে খুলনায় পৌঁছেছেন বলে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবনের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম ডেভিট ইত্তেফাককে জানান।

তিনি বলেন, বনের বিভিন্ন নৌপথে গত শুক্রবার রাতে অবস্থানকারী প্রায় ৩০টি নৌযান আজ শনিবার ভোর থেকে সুন্দরবন ত্যাগ করা শুরু করে। দুপুরের মধ্যে পর্যটকবাহী সকল নৌযানই বন এলাকা ছেড়েছে এবং খুলনা ও মংলার কাছাকাছি রয়েছে ও অধিকাংশ খুলনায় পৌঁছে গেছে।

এসব নৌযানের পর্যটকরা অনেকে এখনও লঞ্চে অবস্থান করছেন, কেউ কেউ খুলনা শহরের হোটেল ও আত্মীয়-স্বজনের বাড়ীতে চলে গেছেন। আজ বা কাল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে সম্ভাব্য ও সুবিধাজনক সময় বাস-ট্রেন, বিমানের অপেক্ষায় রয়েছেন

উল্লেখ্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ প্রায় দুই হাজার যাত্রী নিয়ে পর্যটকবাহী ৪৫টি নৌযান সুন্দরবনের আটক পড়ে। সাপ্তাহিক ছুটিসহ তিন দিনের বন্ধের সুযোগে দেশ-বিদেশের এসব পর্যটক বৃহস্পতিবার রাতে ও গত শুক্রবার দিনের প্রথমভাগে খুলনা থেকে সুন্দরবনে যায়। 

ইত্তেফাক/এমআর