বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্বার

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১০:৫৫

নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলে বেলাল (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা তিনটায় বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকত থেকে মহিপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

জেলে বেলাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের কুরবান আলীর পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রায় উপকূলে ফেরার পথে এফবি মা কুলসুম নামের ট্রলারটি শুক্রবার সকাল সাতটায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বেলাল। তাৎক্ষণিকভাবে বেলালকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার বেলা তিনটায় কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকতের বালু চরে একটি লাশ পড়ে থাকতে দেখে মহিপুর থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশ সেখান থেকে জেলে বেলালের লাশ উদ্ধার করে।

আরো পড়ুন: উপকূল জুড়ে ভারি বৃষ্টিপাত- বাতাস, বৃদ্ধি পাচ্ছে নদীর পানি

মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদ জানান, এফবি মা কুলসুম ট্রলারের মালিক আবুল কলাম জেলে বেলালের লাশ সনাক্ত করেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বেলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এমআরএম