ঘূর্ণিঝড় বুলবুলে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২ তে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ ঝড়ে বাড়িঘর ভেঙ্গে, দেয়াল চাপায়, গাছ চাপায় এবং বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এইসব তথ্য জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে ১০ জন এবং উড়িষ্যা রাজ্যে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।
এদিকে সোমবার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা আকাশ পথে ঘুরে দেখেন।
পর্যবেক্ষণের পর এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আপাতত পাওয়া তথ্য অনুযায়ী গোটা রাজ্যে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই সংখ্যাটা বেড়ে ১০ লাখ পর্যন্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন । তাছাড়া গোটা রাজ্যে অন্তত ২ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন: প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পুরো রাজ্যে বিদ্যুতের ২১ টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৬ হাজার বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। গোটা এলাকায় বিদ্যুৎসেবা স্বাভাবিক করতে সাত থেকে দশদিন সময় লাগবে।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে আটটায় পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কি.মি.। এতে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর ও চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা।
ইত্তেফাক/এসইউ
