তিলও হতে পারে বিপজ্জনক

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৩

ডা. সঞ্চিতা বর্মন

ত্বকের তিলকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় ‘বিনাইন টিউমার’ বা ‘মেলানোসাইটিক নিভাস’ বলা হয়। সাধারণত ত্বকের রঞ্জক পদার্থ মেলানিন উত্পন্নকারী কোষ মেলানোসাইট ত্বকের কোথাও গুচ্ছবদ্ধ হয়ে সংখ্যা বৃদ্ধি করলে মেলানোসাইটিক নিভাস বা তিল তৈরি করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকা স্বাভাবিক। মানুষের শরীর পরিপূর্ণভাবে বিকাশের সঙ্গে সঙ্গে শরীরে তিলও দেখা যায়। তবে এই তিল অনেক সময় ত্বকের মেলানোমা নামক মারাত্মক ক্যানসারে রূপান্তরিত হতে পারে।

শরীরের কোনো তিল যদি হঠাত্ বড়ো হতে থাকে, চুলকায়, ব্যথা হয়, আকার-আকৃতির পরিবতন হয়, রং পরিবর্তন হতে থাকে, রক্তপাত থাকলে অবশ্যই তা মারাত্মক ক্যানসারে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে।

বেশির ভাগ ক্ষেত্রে মেলানোমা বা ত্বকের ক্যানসারের জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি বা সূর্যের আলো দায়ী। তাই যাদের তিল ওঠার প্রবণতা বেশি বা পরিবারে ত্বকের ক্যানসার হওয়ার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। রোদে যাওয়ার আগে সানব্লক এবং রোদে গেলে ছাতা ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে। অনেক সময় জন্মগত দাগ বা তিল ক্যানসারে রূপ নিতে পারে, যার হার ৫-১০ শতাংশ। এছাড়া শরীরে তিলের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকলে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক :ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ