কুমিল্লায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ নিহত ৩

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:৩৮

কুমিল্লায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরো ছয় জন। গত রবিবার ভোরে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নগরী থেকে ভাড়া একটি মাইক্রোবাস যোগে চান্দিনায় গাজীর দরবারে যান ভক্তরা। সেখান থেকে রবিবার সকালে ফেরার পথে ঐ মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা শিশুসহ তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরো তিন জন। নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ (৭০), বুড়িচং উপজেলার কংশনগর এলাকার আবদুল মুনাফের ছেলে বাবুল (৪০) এবং নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে রবজা (৫)। আহতরা হলো—নিহত শিশু রবজার মা হালিমা বেগম, আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম, জসিম উদ্দিন, সজিব, সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া ও বলরামপুর          এলাকার মজনু মিয়া। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চান্দিনা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান, আমরা এসে তিন জনকে জীবিত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করি। এর আগে আরো তিন জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।