ব্র্যান্ডিংয়ে ভিন্ন চিন্তা নিয়ে মুনতাসির

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:২৩

>>  বেনজির আবরার

 

এখন প্রযুক্তির বিশাল দুনিয়ায় বড়ো একটা জায়গাজুড়ে আছে ব্র্যান্ড কমিউনিকেশন ও ডিজিটাল মার্কেটিং। আর বাংলাদেশে সেই জগতের সুপরিচিত এক নাম মুনতাসির মামুন। ২০১৪ সালে প্রাণ-আরএফএল গ্রুপে যোগ দিয়ে শুরু করেছিলেন পথচলা। সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে ছিলেন স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডে (পেপসিকো বাংলাদেশ)। তার এই বিরতিহীন সাফল্যযাত্রা অব্যাহত রেখেছেন বর্তমানে দেশের অন্যতম বৃহত্ জনপ্রিয় কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজের মধ্য দিয়ে। শুধু ব্র্যান্ডিং নয়, মুনতাসির মামুনের অভিজ্ঞতা ও পারদর্শিতার ঝুলিতে আছে একাধারে আউটডোর, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ও মার্কেট রিসার্চ।

এদেশের তরুণ প্রজন্মকে ঘিরে তার স্বপ্ন সীমাহীন। তিনি বলেন, ‘ব্র্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে ডিজিটাল মার্কেটিং শিখতে উত্সাহিত করতে হবে আমাদের দেশের তরুণদের, কেননা এখন যুগ পরিবর্তিত হয়েছে, সেই সঙ্গে পরিবর্তিত হয়েছে মার্কেটিংয়ের কৌশল। এখন সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। আমাদের দেশে এর চাহিদা তুলনামূলকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

সত্যিই মার্কেটিংয়ের বাজারে গত কয়েক বছরে এসেছে আমূল পরিবর্তন। এখন অনেক ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তাদের মার্কেটিং বাজেটের ৩০-৪০%-ই এখন বরাদ্দ রাখছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। বাজেটের এই অংশটিও বাড়ছে উত্তরোত্তর। আর যখন এই ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে প্রচলিত মার্কেটিংয়ের সঠিক সমন্বয় ঘটে, তখনই একটি ক্যাম্পেইন পায় পূর্ণতা।

মার্কেটের সফল ক্যাম্পেইনগুলোর দিকে তাকালেই দেখা যায়, কিভাবে মুনতাসির মামুন তার ক্রিয়েটিভিটির ছোঁয়ায় পৌঁছাতে পেরেছেন ডিজিটাল মার্কেটের সত্যিকার কাস্টমারদের কাছে। তার ক্যাম্পেইনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্পিড থিমেটিক ক্যাম্পেইন, স্পিড ইলেকশন ক্যাম্পেইন, ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ক্যাম্পেইন ‘আমরা সাপোর্টে হেব্বি দাপটে’, পেপসি ব্ল্যাক থিমেটিক ক্যাম্পেইন, পেপসি লেইস কনজুমার প্রমোশন ক্যাম্পিং ইত্যাদি, যা সাফল্যের সঙ্গে সুনাম কুড়িয়েছে ব্র্যান্ড মার্কেটিং জগতে।

ব্র্যান্ড নিয়ে তার ব্লগ ‘ইজ ব্র্যান্ড লয়েলিটি ডেড উইথ দ্য জেনারেল জেট’ প্রকাশিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডের ম্যাগাজিন এবং এড্স অব বাংলাদেশে। এভাবেই ব্র্যান্ড আর ডিজিটাল মার্কেটিংয়ের আলো ঝলমলে জগতে উজ্জ্বলতা ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মুনতাসির মামুন।