নাৎসি বাহিনীর মৃত্যুশিবির নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে জনপ্রিয় বিনোদন ওয়েবসাইট নেটফ্লিক্স কর্তৃপক্ষের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পোল্যান্ড। নেটফ্লিক্স সম্প্রতি 'দ্য ডেভিল নেক্সট ডোর' শিরোনামে একটি ডকুমেন্টারি প্রকাশ করে নিজেদের ওয়েবসাইটে। প্রামাণচিত্রটিতে নাৎসি বাহিনীর মৃত্যুশিবিরের যে অবস্থান দেখানো হয়, তা বর্তমান পোল্যান্ডের নিয়ন্ত্রণাধীন সীমান্তবর্তী অঞ্চল অসউইৎসে অবস্থিত। এতেই বিশ্বব্যাপী জনপ্রিয় বিনোদন মাধ্যমটির উপর চটেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাওয়েস্কি। প্রধানমন্ত্রী প্রামাণ্যচিত্রটিতে পরিবর্তন আনার জন্য লিখিত দাবি জানিয়েছেন। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী মোরাওয়েস্কি বলেন, প্রামাণ্যচিত্রটির মাধ্যমে বিশ্ববাসী ভুল ধারণা পাচ্ছেন। এতে যে ম্যাপ প্রদান করা হয়েছে, তাতে মনে হচ্ছে ২য় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী তাদের মৃত্যুশিবিরে যে ব্যাপক গণহত্যা চালিয়েছে তার জন্য পোল্যান্ড দায়ী। অথচ বিশ্বযুদ্ধকালীন সময়ে জার্মানী মৃত্যুশিবিরটি নির্মাণ করেছিলো।
নেটফ্লিক্স অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, তারা বেশ সতর্কতার সাথেই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে।
হিটলারের নাৎসি বাহিনী ১৯৩৯ সালে পোল্যান্ড আক্রমণ করে, যার ফলে ২য় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। পোল্যান্ডের অসউইৎস ও অন্যান্য অঞ্চলে বেশ কয়েকটি কেন্দ্রীকরণ ক্যাম্প তৈরি করেছিল জার্মান বাহিনী। এসব বন্দীশিবিরে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল তারা, যাদের অধিকাংশই ছিল ইহুদী।
আরও পড়ুন: আদালতকক্ষে পুলিশসহ তিনজন খুন!
নেটফ্লিক্স প্রধান রীড হেস্টিংয়ের নিকট লেখা চিঠিতে ম্যাথিউস মোরাওয়েস্কি বলেন, গণহত্যার শিকার মানুষগুলোর সম্মানার্থে তাদের স্মরণ করা এবং ২য় বিশ্বযুদ্ধে চলা ব্যাপক গণহত্যার সত্য ও সঠিক ইতিহাস সংরক্ষণ করা জরুরী। চিঠিতে তিনি অভিযোগ করেন, নেটফ্লিক্সের এমন কাজ অত্যন্ত বড় ধরনের ভুল এবং তারা ইতিহাসকে অন্যভাবে উপস্থাপন করছেন।
উল্লেখ্য, জার্মান নাৎসি বাহিনী পরিচালিত গণহত্যায় ২য় বিশ্বযুদ্ধে প্রায় ৫০ লাখ পোলিশ নাগরিক ও ৩০ লাখ ইহুদী নিহত হয়েছিলেন। মৃত্যুশিবিরগুলো জার্মান বাহিনীর উচ্চপর্যায়ের ইউনিট দ্বারা পরিচালিত হতো এবং তারাই এই ব্যাপক গণহত্যার পরিকল্পনা করেছিল।
ইত্তেফাক/এসএইচএম
