সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ৬৮ জনকে জরিমানা

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৪

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মাছ ধরার জেলের ছদ্মবেশে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে পাঁচটি ট্রলারসহ ৬৮ জনকে আটক করেছে। সোমবার বিকালে বনের ধানসিদ্ধির চর ও মঙ্গলবার সকালে ভদ্রা এলাকা থেকে এদের আটক করা হয়। পরে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আনার পর তাদের বিরুদ্ধে সিওআর মামলায় জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, রাসমেলা উপলক্ষ্যে আটকরা কয়েকদিন আগে মাছ ধরার জেলের ছদ্মবেশে ট্রলারযোগে বন বিভাগকে ফাঁকি দিয়ে অবৈধভাবে সুন্দরবনের দুবলার চরে যায়। সেখান থেকে ফেরার পথে সোমবার বিকালে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহূত চারটি ট্রলারও। একই অভিযোগে মঙ্গলবার সকালে বনের ভদ্রা এলাকা থেকে একটি ট্রলারসহ বনে অনুপ্রবেশের অভিযোগে আরো ১৯ জনকে আটক করা হয়। আটক সবাইকে সিওআর মামলার আওতায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।