শিক্ষার্থী ও যুবদল নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:১০

স্কুলছাত্রী ও যুবদল নেতাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

সেনবাগ (নোয়াখালী): ফেনী-নোয়াখালী প্রধান সড়কের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবদল নেতা মো. ইয়াছিন (৩২) নিহত হয়েছেন। গতকাল গাবুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মাষ্টার নুর ইসলামের ছেলে।

পীরগাছা (রংপুর): পীরগাছায় পিকআপের চাপায় খাদিজা বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পীরগাছার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা সৈয়দপুর গ্রামের খায়রুদ্দিনের মেয়ে ও সৈয়দপুর কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

শরীয়তপুর: ডামুড্যায় বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন—ডামুড্যার সিড্ডা গ্রামের কামরুজ্জামান মুন্সি (৪৫) ও কুলকুরি গ্রামের জুলহাস মোল্যা (২৮)। গতকাল শরীয়তপুর-ডামুড্যা সড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ২০ যাত্রী আহত হয়েছেন। 

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে গত সোমবার চাকা বদলানোর সময় ট্রাক চাপায় আহত হওয়া হেলপার (চালকের সহকারী) মো. শহীদ (২০) গতকাল চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শহীদ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের আনু মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় গতকাল ট্রাকের সঙ্গে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে বুলু বেগম (৪৫) নামে এক নারী নিহত ও দুই জন আহত হয়েছেন। বুলু বেগম শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামের ওসমান আলির স্ত্রী।

গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল চাপায় খোকা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার উপজেলা সদরের ধাপেরহাট সড়কের সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোকা শেখ উপজেলা সদরের বুজরুক পাটানোছা গ্রামের।

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে গত সোমবার রাতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বটেরতল এলাকার বিষ্ণু সরকার (২৮) ও উত্তরসুর এলাকার জাবেদ মিয়া (২৬)।

সাতক্ষীরা: সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় তেলবাহী ট্রাকের চাকায় আনছার আলী সরদার (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নিউমার্কেট সংলগ্ন পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনছার আলী সদর উপজেলার খড়িবিলা গ্রামের।

রাণীনগরে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা  জানান, নওগাঁর রাণীনগর থানার এসআই আখতারুজ্জামান (৪৮) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরে এই দুর্ঘটনাটি ঘটে। বিকালে চিকিত্সাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত ছিলেন।