স্বামীর কুলখানি থেকে ফেরার পথে লাশ হলেন স্ত্রীও

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:১৮

শ্রীমঙ্গলে গ্রামের বাড়িতে স্বামীর কুলখানির অনুষ্ঠান শেষে চট্টগ্রামে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রীও। সোমবার ভোর রাতের এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় শ্রীমঙ্গলের জাহেদা খাতুনের (৪৫)। আহত হন তার মা ও তিন সন্তান। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর এলাকার রামনগর গ্রামে। জাহেদার ননদ হাসিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাহেদার স্বামী মুসলিম মিয়া পরিবার-পরিজন নিয়ে কর্মসূত্রে চট্টগ্রামের পাহাড়তলীতে বসবাস করতেন। সেখানে একটি জাহাজ কাটা শিল্পে কাজ করতেন তিনি। গত ৭ নভেম্বর তিনি কর্মস্থলে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় মারা যান। স্বামীর কুলখানির অনুষ্ঠান করতে জাহেদা দুই ছেলে, দুই মেয়ে, মা ও শাশুড়িকে নিয়ে শ্রীমঙ্গলের বাড়িতে আসেন। সোমবার রাতে উদয়ন এক্সপ্রেসে চট্টগ্রাম ফিরছিলেন তারা। কিন্তু কসবায় ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহেদার। আহত হয় তার বড়ো ছেলে ইমন (১৭), মেয়ে সুমী (১৯) ও মীম (৮) এবং মা সুরাইয়া খাতুন। এদের মধ্যে ইমন ও সুরাইয়া খাতুনের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।